আন্তর্জাতিক ডেস্ক : জলকদর নিউজ
ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে লড়াই ছাড়াই আত্মসমর্পণ করা সরকারি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিয়েছে হুথি বিদ্রোহীরা।
শনিবার (১৭ অক্টোবর) এ মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। খবর: চ্যানেল আই অনলাইন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
হুথি কর্তৃপক্ষের দাবি, মুক্তি পাওয়া ব্যক্তিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারি বাহিনীর সদস্য। গত মাসে লোহিত সাগরের তীরবর্তী কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা দখলের সময় তাঁরা কোনো লড়াই ছাড়াই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।
হুথিদের বন্দিবিষয়ক কমিটির প্রধান আব্দুলকাদের আল-মুরতাদা জানান, সাধারণ ক্ষমার আওতায় এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে হোদেইদা প্রদেশে আত্মসমর্পণ করা ৩২৩ জনকে মুক্তি দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি জানিয়েছে, মুক্তির প্রক্রিয়ায় তারা সহায়তা করেছে। বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা, পরিবারের সঙ্গে যোগাযোগ এবং নিজ নিজ এলাকায় ফিরে যাওয়ার ব্যবস্থা করতেও সহযোগিতা করা হয়েছে। তবে কারা মুক্তি পাবেন, সে সিদ্ধান্ত নেওয়া বা মুক্তিপ্রাপ্ত ব্যক্তির সংখ্যা নির্ধারণে সংস্থাটি ভূমিকা রাখেনি।
ইয়েমেনে হুথি বিদ্রোহী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীর মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। সাম্প্রতিক সময়ে লড়াই তীব্র হওয়ায় দেশটির নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
সুত্রঃ Anadolu ajansi


