ডেস্ক রিপোর্ট, জলকদর নিউজ :
১৪ দিনের সাংগঠনিক ও দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, ১৪ দিনের এই সফরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মুফতি রেজাউল করীম।
এ ছাড়া সফরকালে বিভিন্ন মসজিদ ও মুসলিম কমিউনিটির উদ্যোগে আয়োজিত দাওয়াতি সভা ও ইসলামি সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ের কর্মসূচিও রয়েছে তাঁর।
দ্বীনি দাওয়াতি কার্যক্রমের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে সফরটি সম্পন্ন করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


