28 C
Dhaka
Wednesday, October 14, 2026

জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার প্রতিবাদে রিজভীর নিন্দা

জলকদর নিউজ | ঢাকা

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান। বিবৃতিতে রিজভী অভিযোগ করেন, সোমবার স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার দিকে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ফ্যাসিবাদী শেখ হাসিনার অনুসারীরা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অপচেষ্টা চালায়।

বিবৃতিতে রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূসের প্রতি এ ধরনের আচরণ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতিহিংসাপরায়ণ মনোভাব এবং দেশবিরোধী কর্মকাণ্ডের ধারাবাহিকতার বহিঃপ্রকাশ। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করায় তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে তিনি মনে করেন।

রিজভী আরও বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শুধু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টাই নন, তিনি নোবেলজয়ী ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব। বিদেশের মাটিতে তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হলে তা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে।

বিবৃতিতে বিএনপির এই নেতা অভিযোগ করেন, আওয়ামী লীগের শাসনামলে দেশে গুম, খুন ও গুপ্তহত্যার মতো ঘটনা ঘটেছে। তাঁর দাবি, সেই শাসনের সহযোগীরা দেশ-বিদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিহিংসার রাজনীতি অব্যাহত রাখছে।

রিজভী আরও অভিযোগ করেন, শেখ হাসিনার প্রতিহিংসার রাজনীতি এখনো অব্যাহত রয়েছে। তাঁর দাবি, দেশে-বিদেশে দলীয় কর্মীদের উসকানি দেওয়া এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দেওয়ার বিষয়টি জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে।

বিবৃতির শেষাংশে জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথিত অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles