28 C
Dhaka
Wednesday, October 14, 2026

ফরিদপুরে অসহায় পরিবারকে নতুন ঘর উপহার, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুর প্রতিনিধি:

অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ফরিদপুরে লকাই বিশ্বাসের পরিবারের জন্য নতুন ঘর উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা, ১০ জন দুস্থ নারীর হাতে সেলাই মেশিন এবং কয়েকটি পরিবারের কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেকের চর সর্বান্দিয়া এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এসব সহায়তা প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় অসহায় পরিবারটির জন্য নতুন ঘর উপহার দেওয়ার পাশাপাশি দুস্থ নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে ১০ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি এবং চিকিৎসার ব্যয় মেটাতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং তাঁদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এসব সহায়তা দেওয়া হয়েছে। ঘর উপহারের মাধ্যমে একটি অসহায় পরিবার যেমন নিরাপদ আশ্রয়ের সুযোগ পেয়েছে, তেমনি সেলাই মেশিন ও আর্থিক সহায়তার মাধ্যমে কয়েকটি পরিবারের জীবিকা নির্বাহের পথ সুগম করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

অসহায় পরিবারের জন্য ঘর, চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে মানবিক সহায়তা কার্যক্রমের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles