কলিম উল্লাহ মিজবাহ, বাঁশখালী
আজ বাঁশখালীর সাবেক এমপি জাফরুল ইসলাম চৌধুরীর জন্মদিন। তিনি বাঁশখালীর রাজনীতি ও জনসেবার স্মরণীয় এক নাম।
চট্টগ্রামের বাঁশখালীর কালীপুর গ্রামে ১৯৫০ সালের ১৪ অক্টোবর জন্মগ্রহণ করেন সাবেক সংসদ সদস্য, সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া ১৯৯৬–৯৭ মেয়াদে তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্বেও ছিলেন।
বাঁশখালীর রাজনৈতিক ইতিহাসে তাঁর নাম জড়িয়ে আছে দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, নেতৃত্ব ও জনসম্পৃক্ততার সঙ্গে। সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা ও জনসেবাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর ভূমিকা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
২০২২ সালের ৮ নভেম্বর ৭২ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে বাঁশখালী হারায় দীর্ঘদিনের পরিচিত এক রাজনৈতিক ব্যক্তিত্বকে।
আজ তাঁর জন্মদিনে আমরা তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। মহান আল্লাহ তাঁর জীবনের নেক আমলগুলো কবুল করুন, ভুলত্রুটি ক্ষমা করুন এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।


