নিউজ ডেস্ক : জলকদর নিউজ
জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তারা তা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, সংবিধান সংস্কার-সংক্রান্ত জুলাই গণভোটের সিদ্ধান্ত উপেক্ষা করে সরকারের ইচ্ছামতো সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় ইসলামী আন্দোলন অংশ নেবে না। দলটির দাবি, জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী সংবিধান সংস্কার করতে হবে।
জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে রোববার বেলা আড়াইটায় সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের আলোচ্যসূচিতে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে মতবিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।



