চাঁদপুর (শাহরস্তি) প্রতিনিধি:
চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে সাথে নিয়ে রহমত উল্লাহ নিখোঁজ হন। এরপর থেকে তাদের দুজনের মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবারের সদস্যদের দাবি, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের সদস্যদের মধ্যে জানাজানি হওয়ার পর তাদের খোঁজ শুরু হয়। একপর্যায়ে শনিবার রাতে তারা দুজন একসাথে উধাও হয়ে যান বলে অভিযোগ করা হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং ইব্রাহিম খলিলের দুই সন্তানসহ পরিবারের সদস্যরা শাহরাস্তি মডেল থানায় উপস্থিত হয়ে বিষয়টি জানান। পরে মরিয়মের শ্বশুর হারুনুর রশিদ লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী স্বর্ণালংকার ও নগদ অর্থ সাথে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, রহমত উল্লাহ ও মরিয়মের মধ্যে দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল। বিষয়টি তাদের নজরে আসার পর ইব্রাহিমকে জানানো হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা দুজন বাড়ি থেকে চলে যান।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


