28 C
Dhaka
Thursday, November 12, 2026

‘এ ধরনের হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না’ : নুসরাত তাবাসসুম

নিজস্ব প্রতিবেদক:

কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, সংবাদ সম্মেলনে কঠোর হুঁশিয়ারি

‘এ ধরনের হামলা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। দাবি-দাওয়া নিয়ে রাজপথে আগেও ছিলাম, ভবিষ্যতেও থাকব’—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নুসরাত তাবাসসুম জানান, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাঁর গ্রামের বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সিসিটিভির সময় উল্লেখ করে তিনি বলেন, বিস্ফোরণের ধরন দেখে ঘটনাটি পেট্রোল বোমা হামলার মতো মনে হয়েছে। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, গত ২৮ অক্টোবর একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও একাধিকবার হুমকিমূলক ফোন পান। এ ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও হুমকি অব্যাহত ছিল বলে অভিযোগ করেন তিনি।

নুসরাতের দাবি, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি হুমকিমূলক পোস্ট দেওয়া হয়েছিল। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি ব্যক্তিগতভাবে হামলার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন। তবে এ অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

নিজের বাড়ির ক্ষয়ক্ষতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, বাড়িটি পরিত্যক্ত নয়। সেখানে দীর্ঘ পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করে আসছে। পরিবারটি তাঁদের বাড়ি দেখাশোনা করত এবং পরিবারেরই অংশ হয়ে গিয়েছিল। এ ঘটনায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি তাঁর গবাদিপশুর খামার ও বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, বাড়িটি তাঁর দাদার হাতে তৈরি। এখানেই তাঁর শৈশব কেটেছে, বাবা-মা সংসার করেছেন। এটি তাঁদের পারিবারিক বসতবাড়ি। তাই এ হামলা শুধু একটি স্থাপনার ক্ষতি নয়, তাঁদের পরিবারের স্মৃতি ও নিরাপত্তার ওপরও আঘাত।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে নুসরাত তাবাসসুম বলেন, ঘটনার পর যথেষ্ট সময় পার হয়েছে। দ্রুত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে হবে। এ ঘটনায় কোনো ধরনের গাফিলতি কিংবা অস্বীকার তিনি প্রত্যাশা করেন না বলেও জানান।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তাঁর ভাষ্য, সাধারণ মানুষের মতো জনপ্রতিনিধিদের জীবনও নিরাপদ নয়। দায়িত্বশীল ব্যক্তিদের শুধু বক্তব্য না দিয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এদিকে নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির পক্ষ থেকে পেট্রোল বোমা হামলার অভিযোগ করা হয়েছে। দলটির নেতারা এ ঘটনার জন্য আওয়ামী লীগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়ী করেছেন। তবে পুলিশ এখনো আগুনের প্রকৃত কারণ কিংবা পেট্রোল বোমা ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। দুটি ছাগলও মারা গেছে। ফায়ার সার্ভিস রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্তের দাবি জানিয়েছেন নুসরাত তাবাসসুম।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles