নিউজ ডেস্ক : জলকদর নিউজ
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। তাকে নিয়ে কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক মন্তব্যের অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি। একই সঙ্গে দলের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন ফরিদা ইয়াসমিন।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারায় নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

ফরিদা ইয়াসমিন বলেন, আমির হামজা ও তিনি দুজনই সংসদ সদস্য। প্রত্যেকেরই মর্যাদা ও সম্মান রয়েছে। একজন নারীকে সম্মান দিয়ে কথা বলা রাজনৈতিক সংস্কৃতি, ভদ্রতা ও আচরণের অংশ। জনপ্রতিনিধিদের আচরণেরও একটি নির্দিষ্ট সীমা থাকা উচিত।
তিনি অভিযোগ করেন, কুষ্টিয়া অঞ্চলের সংসদ সদস্য মুফতি আমির হামজা তাকে ও তার দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কটূক্তি করেছেন। এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
ফরিদা ইয়াসমিন আরও বলেন, তিনি একজন বয়স্ক নারী এবং সংরক্ষিত আসনে ৩৭ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পরের প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন।
ঘটনার বিচারভার দলের ওপর ছেড়ে দিয়ে ফরিদা ইয়াসমিন জানান, তাকে ও তার দলের নেতৃত্বকে তাচ্ছিল্য ও অপমান করার উপযুক্ত বিচার দাবি করছেন তিনি। দল অনুমতি দিলে আইনি পদক্ষেপ হিসেবে মানহানির মামলা করা হবে।
এদিকে ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগে ভেড়ামারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু মিছিল করেছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে ভেড়ামারা শহরের বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক আব্দুল হাই আল হাদী, কাওছার আজম ও আবুল কালাম আজাদসহ অন্যরা।
বক্তারা বলেন, একজন নারী জনপ্রতিনিধিকে নিয়ে কটূক্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
এর আগে সোমবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা নুরুজ্জামান অডিটোরিয়াম হলে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সেখানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমির হামজা বলেন, তিনি কথা বললেই অনেক সময় বক্তব্যকে উল্টোভাবে উপস্থাপন করা হয়। তিনি এক লাখ ৮৩ হাজার ভোটে জয়লাভ করেছেন বলেও উল্লেখ করেন।
সারের ডিলার নিয়োগ নিয়ে প্রশাসনের একটি বৈঠকের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নির্বাচিত সংসদ সদস্যদের বাদ দিয়ে অনির্বাচিত সংরক্ষিত নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে বৈঠক করা হয়েছে।


