
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েকটি অংশে সংস্কার ও উন্নয়নমূলক কাজ চলায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মাইলের পর মাইল জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই দীর্ঘ যানজটে আটকা পড়েছে অসংখ্য জরুরি মুমূর্ষু রোগী বহনকারী এম্বুলেন্স।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের সংষ্কার কাজ চলমান থাকায় কয়েকটি পয়েন্টে রাস্তার এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে যানবাহন ডাইভারশন দেওয়া হচ্ছে। ফলে স্বাভাবিক গাড়ি চলাচলের গতি কমে গিয়ে এই যানজটের সৃষ্টি হয়। সময়ের সাথে সাথে গাড়ির চাপ বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

যানজটের কবলে পড়ে সাইরেন বাজিয়েও পথ পাচ্ছে না এম্বুলেন্সগুলো। রোগীদের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে এবং সময়মতো হাসপাতালে পৌঁছানো নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। অ্যাম্বুলেন্সে থাকা রোগীর স্বজনেরা আহাজারি করছেন এবং সাধারণ যাত্রীরাও চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করছেন।
ভুক্তভোগী যাত্রীদের দাবি, মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়কে উন্নয়নকাজ করার ক্ষেত্রে ট্রাফিক ব্যবস্থাপনার দিকে আরও বেশি জোর দেওয়া উচিত ছিল। বিশেষ করে জরুরি সেবার গাড়িগুলোর জন্য বিকল্প লেন বা বিশেষ ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।


