কুষ্টিয়া প্রতিনিধি : জলকদর নিউজ
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) ইউপি চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমানসহ কয়েকজন নেতাকর্মীর ওপর হামলা, মোটরসাইকেল পোড়ানো এবং বাড়িঘর ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শহরের বড়বাজার এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বৃহস্পতিবার রাতে কুমারখালী এলাকায় সংগঠনটির কুষ্টিয়া জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং কয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইউনিয়ন সভাপতি মো. আমিনুল ইসলাম রাসেলসহ কয়েকজনের ওপর হামলা করা হয়। এ সময় তাদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং মিজানুর রহমানের অফিসসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
সংগঠনটির দাবি, হামলার ঘটনায় কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে মামলা নিলেও এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি হামলাকারীরা এলাকায় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে বলেও অভিযোগ করা হয়।
বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আখন্দ। সমাবেশে তিনি হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে অভিযুক্তদের কাছে থাকা অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরার, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মিল হক কাসেমী, মুফতি হাবিবুল্লাহ বেলালী, চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মাওলানা রেজাউল করিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


