অনলাইন ডেস্ক : জলকদর নিউজ
দেশের মানুষ ও সার্বিক পরিস্থিতি ভালো নেই উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে। মানুষ চরম কষ্টে আছে। আমরা জনগণের কষ্টের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার আমাদের কথা বলতে দিচ্ছে না। তাই বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে নেমেছি।’
শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে আয়োজিত সংক্ষিপ্ত জনসভায় তিনি এসব কথা বলেন।
এর আগে ডা. শফিকুর রহমান একই গ্রামে অবস্থিত ইসলামী শিক্ষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। তিনি কবরের পাশে দাঁড়িয়ে ফাতিহা পাঠ এবং রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। পরে তিনি ওই মাদ্রাসায় শহীদ আব্দুল মালেকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন।
জামায়াতের আমিরের আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই মানিকপোটল এলাকায় হাজারো মানুষের সমাগম ঘটে। তিনি হাত নেড়ে উপস্থিত সাধারণ মানুষের উষ্ণ অভ্যর্থনার জবাব দেন।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ধুনটের কর্মসূচি শেষে বগুড়া সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং পরবর্তীতে জেলা ও মহানগর জামায়াতের রুকন সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে বিরোধীদলীয় নেতার।


