28 C
Dhaka
Monday, August 17, 2026

রাস্তার সংস্কার না হওয়ায় কাঁদার মধ্যে ধান রোপন করে অভিনব প্রতিবাদ

রাস্তা সংস্কার না হওয়ায় চরম ভোগান্তির প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পূর্ব কৈখালীতে রাস্তার মধ্যেই ধান রোপন করেছে এলাকাবাসী। গতকাল রবিবার (১৬ আগস্ট) সকাল ১১টায় যুবক ও স্থানীয়দের উদ্যোগে এই ব্যতিক্রমী প্রতিবাদ হয়।

জানা যায়, পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ্ব আদম গাজীর কেয়ারের রাস্তা নামে পরিচিত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষা এলেই রাস্তায় পানি জমে কাঁদার সৃষ্টি হয়। ফলে পথচারী থেকে শুরু করে কোনো যানবাহনই চলাচল করতে পারে না।

স্থানীয় রফিকুল ইসলামের ছেলে মোঃ এবাদুল ইসলাম বলেন, “আমরা উপকূলীয় এলাকায় বাস করি। ছোটবেলা থেকে দেখছি এটাই আমাদের একমাত্র চলাচলের রাস্তা। কিন্তু বছরের পর বছরেও কোনো উন্নয়ন হয়নি। বর্ষায় হাঁটু সমান কাদা হয়। স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী সবাইকে ভোগান্তি পোহাতে হয়। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়ারও উপায় থাকে না। বিকল্প হিসেবে নদীপথে ট্রলারে যেতে হয়, তাও ঝুঁকিপূর্ণ।”

বারবার জনপ্রতিনিধিদের জানিয়েও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত রাস্তার কাঁদাযুক্ত স্থানে ধান রোপন করে প্রতিবাদ জানান তারা।

এ বিষয়ে কৈখালী ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ বলেন, “ফেসবুকে প্রতিবাদের বিষয়টি দেখেছি। রাস্তাটি দ্রুত কার্পেটিং করা হবে।

কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, “আমি চেয়ারম্যান হওয়ার পর বিজিবি সড়ক নামে রাস্তাটি কার্পেটিংয়ের অনুমোদন এনেছিলাম। কিন্তু একটি পক্ষ রাস্তাটি কেটে অন্যদিকে সরিয়ে নেয়। এখন এটি সীমান্ত সড়ক নামে নতুন করে অনুমোদন পেয়েছে। খুব দ্রুতই কাজ শুরু হবে।

এলাকাবাসী দ্রুত রাস্তা সংস্কারের মাধ্যমে তাদের দুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles