ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || বিনোদন
জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখতে গিয়ে দুই শতাধিক দর্শকের মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনা ঘটেছে। অনুষ্ঠানস্থলে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোরচক্র মোবাইল ফোন চুরি করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি এলাকায়। গত শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত নান্দাইলদীঘি কলেজ মাঠে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ অনুষ্ঠিত হয়। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি দেখতে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে দর্শকরা আসতে শুরু করেন। একপর্যায়ে সেখানে প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।
অভিযোগ রয়েছে, অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে সংঘবদ্ধ চোর ও পকেটমার চক্র দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি করে। অনুষ্ঠান শেষে অনেক দর্শক নিজেদের মোবাইল ফোন খুঁজে না পেয়ে বিষয়টি বুঝতে পারেন।
এদিকে, অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জেলা প্রশাসন ও পুলিশের প্রায় ২৫০ সদস্য। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্য, ৫০ জন স্কাউট এবং শতাধিক স্থানীয় স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার বাসিন্দা।
কালাই থানার পরিদর্শক (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে প্রায় ৭০ থেকে ৮০ জন ভুক্তভোগী থানায় এসে মৌখিক অভিযোগ করেছেন। পুলিশের ধারণা, চুরি যাওয়া মোবাইল ফোনের সংখ্যা দেড়শ থেকে দুই শতাধিক হতে পারে। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ৮ নভেম্বর পর্যন্ত থানায় ১১টি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত চলছে। চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও মোবাইল ফোন উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


