ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || অর্থ ও বানিজ্য
দেশে অক্টোবরে পণ্যের দাম বৃদ্ধির হার ৪ দশমিক ৩৯ শতাংশে পৌঁছেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে।
কনজুমারস ফোরামের (সিএফ) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বাজার পরিস্থিতি পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে। সংগঠনটির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন মালেক ৮ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
প্রতিবেদন অনুযায়ী, অক্টোবর মাসে সবচেয়ে বেশি বেড়েছে মাছের দাম। এ সময়ে মাছের দাম গড়ে ১১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া লবঙ্গ, এলাচ, দারুচিনি ও জিরার দাম বেড়েছে ১০ দশমিক ৩০ শতাংশ। পেঁয়াজ, রসুন ও আদার দাম বেড়েছে ৭ দশমিক ৭৯ শতাংশ।
অন্যান্য পণ্যের মধ্যে জ্বালানি তেলের দাম ৬ দশমিক ০২ শতাংশ, চিনির দাম ৪ দশমিক ৯৩ শতাংশ, ভোজ্যতেল ও ডালডার দাম ৪ দশমিক ৮০ শতাংশ, আটা-ময়দার দাম ৩ দশমিক ২৫ শতাংশ এবং চালের দাম ২ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। পাশাপাশি ডিমের দাম ১ দশমিক ৪২ শতাংশ এবং মাংসের দাম ০ দশমিক ৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, অক্টোবরে লবণ, দুগ্ধজাত পণ্য, ব্রাশ-টুথপেস্ট, চানাচুর-বিস্কুট, ১১টি ব্র্যান্ডের নিত্যব্যবহার্য ওষুধ এবং খাতা-কলমসহ সাত ধরনের পণ্যের দাম স্থিতিশীল ছিল। তবে শাকসবজির দাম ৩ দশমিক ১২ শতাংশ এবং সোনা-রুপার দাম ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে।
সিএফের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছিল ৩ দশমিক ১৩ শতাংশ। অক্টোবর মাসে আরও ৪ দশমিক ৩৯ শতাংশ বৃদ্ধির ফলে দুই মাসে নিত্যপণ্যের দাম মোট ৭ দশমিক ৫২ শতাংশ বেড়েছে।
নিত্যপণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধিতে সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ভোক্তা সংগঠনটি।
তথ্যসূত্র: কনজুমারস ফোরাম (সিএফ)


