ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || জাতীয়
সরকারি কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত সমর্থন থাকলে তা ব্যালট বাক্সে প্রকাশ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক সমর্থনের প্রতিফলন সরকারি অফিস কিংবা দাপ্তরিক কাজে থাকা উচিত নয়।
রোববার (৮ নভেম্বর) সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে নবীন সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রশাসনের কর্মকর্তাদের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন থাকাকে তিনি ব্যক্তিগতভাবে দোষের মনে করেন না। তবে সেই সমর্থন প্রকাশের জায়গা সরকারি অফিস নয়, বরং ব্যালট বাক্স।
তিনি নবীন কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ক্যাডার কিংবা কর্মস্থল যা-ই হোক না কেন, সবার প্রথম ও প্রধান পরিচয় হলো তাঁরা জনপ্রশাসনের কর্মকর্তা এবং জনগণের সেবক। তাই সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিকদের সেবা নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, কোনো নাগরিক সরকারি অফিসে সেবা নিতে এসে যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। কারও আবেদনপত্রে ভুল থাকলে শুধু ফিরিয়ে না দিয়ে কীভাবে ভুল সংশোধন করতে হবে, সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াও একজন কর্মকর্তার মানবিক দায়িত্ব।
তিনি আরও বলেন, অন্যের সঙ্গে এমন আচরণ করতে হবে, যেমন আচরণ নিজে অন্যের কাছ থেকে প্রত্যাশা করেন।
পছন্দের পদায়ন কিংবা পদোন্নতির জন্য পেশাগত দক্ষতা ও সততার সঙ্গে আপস না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। দেশের যেকোনো স্থানে, যেকোনো পদে দায়িত্ব পালনের মানসিক প্রস্তুতি থাকাকে তিনি পেশাদারিত্বের পরিচয় হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, কোনো সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি জনপ্রশাসনের কোনো পদও কারও জন্য চিরস্থায়ী নয়।
সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের সামনে নির্বাচনী ইশতেহার তুলে ধরা হয়েছিল। জনগণ ভোটের মাধ্যমে সেই ইশতেহারের পক্ষে রায় দিয়েছে। তাই এটি এখন জনগণের দলিল।
এ ছাড়া প্রশাসনিক দীর্ঘসূত্রতা কমিয়ে সরকারি সেবা সহজ ও নাগরিকবান্ধব করা এবং পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে শীর্ষ ১০ জনের হাতে সনদ তুলে দেন তিনি।


