ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || বিশেষ খবর
তাকি উসমানি, আবুল কাসেম নোমানী ও শতবর্ষী মেওয়াতী আলেমের সফর ঘিরে কওমি অঙ্গনে ব্যাপক আগ্রহ
চলতি নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসছেন উপমহাদেশের তিন প্রখ্যাত ইসলামি আলেম ও চিন্তাবিদ। তাঁদের মধ্যে রয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী এবং শতবর্ষী আলেম ও আধ্যাত্মিক সাধক হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী।
তিন বিশিষ্ট আলেমের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের কওমি মাদরাসা, আলেমসমাজ ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। সফরকালে তাঁরা দেশের বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে দস্তারবন্দি সম্মেলন, ইসলাহি মাহফিল, ধর্মীয় সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে আসবেন হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী। ১৫ দিনের সফরে তাঁর সঙ্গে থাকবেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল ও চণ্ডীগড় অঞ্চলের সাংগঠনিক সভাপতি মাওলানা হাকিমুদ্দিন আশরাফ উটাওড়ী।
অন্যদিকে, আগামী ২২ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তানের প্রখ্যাত আলেম মুফতি মুহাম্মদ তাকি উসমানির। ২৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থান শেষে তাঁর পাকিস্তানে ফিরে যাওয়ার কথা রয়েছে।
এ ছাড়া আগামী ২৫ নভেম্বর দুই দিনের সফরে বাংলাদেশে আসবেন ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানী।
মুফতি তাকি উসমানির সফর

মুফতি মুহাম্মদ তাকি উসমানির বাংলাদেশ সফরের অন্যতম প্রধান আয়োজন রাজধানীর ফরিদাবাদ মাদরাসার ৭০ সালা দস্তারবন্দি সম্মেলন। আগামী ২২ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া রাজধানীর কাওলা নামাপাড়ায় অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের ১৫ সালা দস্তারবন্দি মহাসম্মেলনেও অংশ নেবেন তিনি। সফরকালে ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ধর্মীয় কর্মসূচিতে তাঁর অংশগ্রহণের কথা রয়েছে।
মুফতি তাকি উসমানির সফরসঙ্গী হিসেবে পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব ও মুলতানের খাইরুল মাদারিসের মুহতামিম মাওলানা হানিফ জালন্ধরীরও বাংলাদেশে আসার কথা রয়েছে।
মুফতি মুহাম্মদ তাকি উসমানি পাকিস্তানের দারুল উলুম করাচির মহাপরিচালক এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের সভাপতি। হাদিস, ফিকহ ও ইসলামি অর্থনীতি বিষয়ে আন্তর্জাতিকভাবে সুপরিচিত এই আলেম পাকিস্তানের সুপ্রিম কোর্টের শরিয়াহ আপিল বেঞ্চের সাবেক বিচারপতি। সমকালীন ইসলামি অর্থনীতি ও ফিকহি গবেষণায় তাঁর অবদান আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে সমাদৃত।
বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম

আগামী ২৫ নভেম্বর বাংলাদেশে আসবেন মুফতি আবুল কাসেম নোমানী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কওমি মাদরাসার আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফর বাস্তবায়ন কমিটির জ্যেষ্ঠ সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ জানান, সফরকালে মুফতি আবুল কাসেম নোমানী রাজধানীর ফরিদাবাদ মাদরাসা, টেকনাফের নীলা মাদরাসা এবং চট্টগ্রামের নানুপুর মাদরাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। আগামী ২৭ নভেম্বর ঢাকা ত্যাগ করে দেওবন্দে ফিরে যাওয়ার কথা রয়েছে তাঁর।
মুফতি আবুল কাসেম নোমানী ভারতের ঐতিহ্যবাহী দারুল উলুম দেওবন্দের বর্তমান মুহতামিম ও শাইখুল হাদিস। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামি শিক্ষা, হাদিসচর্চা ও দাওয়াতি কার্যক্রমে তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। এর আগে গত আগস্টেও চার দিনের সফরে বাংলাদেশে এসে রাজধানীর মালিবাগ, বসুন্ধরা ও আরজাবাদ মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।
১৫ দিনের সফরে আসছেন শতবর্ষী মেওয়াতী আলেম

তিন আলেমের মধ্যে সবচেয়ে দীর্ঘ সফর নিয়ে বাংলাদেশে আসছেন শতবর্ষী আলেম ও আধ্যাত্মিক সাধক হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া তাঁর ১৫ দিনের সফরে সঙ্গী হবেন ভারতের প্রখ্যাত বক্তা ও সংগঠক মাওলানা হাকিমুদ্দিন আশরাফ উটাওড়ী।
হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী শায়খুল ইসলাম মাওলানা সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর খলিফা। এ ছাড়া মাওলানা আবদুল কাদির রায়পুরী, শায়খুল হাদিস মাওলানা জাকারিয়া কান্ধলভী ও মাওলানা আবদুল আজিজ রায়পুরীর মতো উপমহাদেশের প্রখ্যাত আলেম ও বুযুর্গদের সান্নিধ্য লাভ করেছেন তিনি।
দাওয়াত ও তাবলিগের কাজের সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলিয়াস কান্ধলভী (রহ.)-এর সান্নিধ্য লাভের পাশাপাশি মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্ধলভী ও মাওলানা ইনআমুল হাসান কান্ধলভীর সঙ্গে দীর্ঘ সময় দাওয়াতি কাজে যুক্ত ছিলেন তিনি।
ভারতের মেওয়াত অঞ্চলে দ্বীনি শিক্ষার প্রসার, আলেম তৈরির উদ্যোগ এবং সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় সচেতনতা সৃষ্টিতে তাঁর ভূমিকা রয়েছে। বর্তমানে মেওয়াতের মালেব এলাকায় মাদরাসা ফয়জুল উলুমের মাধ্যমে দ্বীনি শিক্ষা ও আত্মশুদ্ধির কার্যক্রম পরিচালনা করছেন তিনি।
তাঁর সফরসঙ্গী মাওলানা হাকিমুদ্দিন আশরাফ উটাওড়ী জমিয়তে উলামায়ে হিন্দের হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল ও চণ্ডীগড় অঞ্চলের সাংগঠনিক সভাপতি। পাশাপাশি তিনি তাওড়ুর খারখড়িতে অবস্থিত জামিয়া ইলিয়াসিয়া ইশাআতুল উলুমের মুহতামিম।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, সফরকালে তাঁরা দেশের বিভিন্ন দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, শীর্ষস্থানীয় আলেমদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় এবং বিভিন্ন ইসলাহি মাহফিলে অংশ নেবেন।
উপমহাদেশের তিন প্রখ্যাত আলেমের এ সফর দেশের কওমি মাদরাসার শিক্ষার্থী, শিক্ষক ও আলেমসমাজের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহলে আশা করা হচ্ছে।


