21 C
Dhaka
Monday, November 9, 2026

৪৫ বছর পর বাংলাদেশে ফিরে বাবা-মাকে খুঁজছেন নেদারল্যান্ডসের সেলিনা

ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || নিখোঁজ

জন্মস্থান কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট। দেড় বছর বয়সে দত্তক পরিবারের সঙ্গে নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছিলেন। দীর্ঘ ৪৫ বছর পর জন্মভূমিতে ফিরে নিজের মা-বাবা ও স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন ৪৬ বছর বয়সী সেলিনা গোমেজ।

১৯৮১ সালের ৭ জুলাই মাত্র দেড় বছর বয়সে দত্তক নেওয়া পরিবারের সঙ্গে বাংলাদেশ ছেড়ে নেদারল্যান্ডসে চলে যান কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে জন্ম নেওয়া সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে দীর্ঘ সময়। বেড়ে উঠেছেন নেদারল্যান্ডসের একটি ডাচ পরিবারে। কিন্তু নিজের জন্মদাতা মা-বাবা ও শিকড়ের সন্ধান তাঁকে বারবার টেনে এনেছে বাংলাদেশে।

গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসার পর থেকে চকরিয়ার মালুমঘাট, খুটাখালীসহ বিভিন্ন এলাকায় পরিবারের সন্ধানে ঘুরছেন তিনি। হাতে নিয়ে ঘুরছেন পরিবারের খোঁজ চেয়ে তৈরি করা লিফলেট। যাচ্ছেন মানুষের দ্বারে দ্বারে।

সেলিনার কাছে রয়েছে শৈশবের একটি ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। সেখানে তাঁর জন্মতারিখের পাশাপাশি জাতীয়তা বাংলাদেশি উল্লেখ রয়েছে। বর্তমানে তিনি নেদারল্যান্ডসের নাগরিক।

বাংলা ভাষায় কথা বলতে না পারলেও ইংরেজিতে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সেলিনা। তাঁর বক্তব্য অনুবাদ করে তিনি বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাঁদের খুব মিস করি। তাঁদের চেহারা বা স্মৃতি আমার মনে নেই। তবে জানি, আমার মায়ের নাম হেলেনা গোমেজ এবং বাবার নাম বেনেডি গোমেজ। নেদারল্যান্ডসে আমি নিজেকে একা অনুভব করি। আশা করি, একদিন মা-বাবাসহ আমার পরিবারের সবাইকে খুঁজে পাব।’

নিজের অতীতের কথা তুলে ধরে সেলিনা আরও বলেন, ‘আমার জন্ম মালুমঘাটে। মাত্র দেড় বছর বয়সে একজন নারী আমাকে ঢাকায় নিয়ে যান। পরে একটি ডাচ পরিবার আমাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে নিয়ে যায়। তাঁরা আমাকে অনেক আদর-যত্নে বড় করেছেন। কিন্তু আমার আসল পরিবার বাংলাদেশে। আমি তাঁদের সঙ্গে আবার একত্রিত হতে চাই।’

সেলিনা গোমেজের পরিবারের সন্ধানে সহযোগিতা করছেন তাঁর ভ্রমণসঙ্গী ও গাইড রাসেল আলম। তিনি জানান, পরিবারের সন্ধানে সেলিনা এর আগেও একাধিকবার বাংলাদেশে এসেছেন। এবারও তিনি আরও ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে তাঁরা একসঙ্গে বিভিন্ন এলাকায় খোঁজ চালিয়ে যাবেন।

সেলিনা গোমেজের পরিবার সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে অথবা তাঁর পরিবারের কোনো সদস্যের কাছে এই খবর পৌঁছালে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন রাসেল আলম।

যোগাযোগ:

দীর্ঘ ৪৫ বছর পর জন্মভূমিতে ফিরে সেলিনার এই আকুতি—একবার খুঁজে পেতে চান জন্মদাতা মা-বাবাকে, ফিরে পেতে চান নিজের শেকড় ও হারিয়ে যাওয়া পরিবারের পরিচয়। তাঁর এই পারিবারিক সন্ধানে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles