ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ | চট্টগ্রাম
চট্টগ্রামের বাঁশখালী প্রতিনিধি মোহাম্মদ বেলাল উদ্দিন দৈনিক সময়ের আলো থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। স্মার্ট গ্রুপের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি পদত্যাগের বিষয়টি প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মোহাম্মদ বেলাল উদ্দিন লেখেন, বিজ্ঞাপন না দিলে কারও বিরুদ্ধে রিউমার বা গুজব ছড়াতে হবে—এটি কখনো সাংবাদিকতার মানদণ্ড হতে পারে না। এমন পরিস্থিতিতে আজ থেকে তিনি দৈনিক সময়ের আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
তিনি আরও লেখেন, এভাবে সাংবাদিকতা হয় না। এ বিষয়ে প্রয়োজনীয় সব ডকুমেন্টস তাঁর কাছে সংরক্ষিত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি এ নিয়ে কেউ তাঁকে চ্যালেঞ্জ করতে না আসার কথাও বলেন।
পোস্টের শেষাংশে তিনি স্পষ্টভাবে জানান, স্মার্ট গ্রুপের বিরুদ্ধে গুজব ছড়ানোর অভিযোগের প্রতিবাদে দৈনিক সময়ের আলোর বাঁশখালী প্রতিনিধি হিসেবে তিনি পদত্যাগ করেছেন।
তাঁর এই পদত্যাগের ঘোষণাকে ঘিরে স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।


