নিজস্ব প্রতিবেদক, জলকদর নিউজ:
দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’—উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির আওতায় দেশের ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
রোববার (১ নভেম্বর) থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত। আটটি জেলার প্রাথমিক পর্যায়ের কার্যক্রম শেষে অবশিষ্ট ৫৬ জেলার সব উপজেলার আগ্রহী তরুণ উদ্যোক্তারা এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন।
কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে প্রদান করা হবে। অনুদানের অর্থ আসবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আট জেলার ৬৪টি উপজেলা থেকে মোট ১৮ হাজার ৪৪৪টি আবেদন জমা পড়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত এসব আবেদন গ্রহণ করা হয়।
জেলাভিত্তিক আবেদনের মধ্যে মানিকগঞ্জে ১ হাজার ৩৪৩টি, ফেনীতে ১ হাজার ২৬১টি, নওগাঁয় ২ হাজার ৪৫৬টি, ঝিনাইদহে ২ হাজার ১৯১টি, ভোলায় ১ হাজার ৫৪৫টি, হবিগঞ্জে ১ হাজার ৫৫২টি, রংপুরে ২ হাজার ৭৪৫টি এবং নেত্রকোনায় সর্বোচ্চ ৫ হাজার ৩৫১টি আবেদন জমা পড়েছে।
এর ধারাবাহিকতায় অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তারা ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারিত আবেদন ফরম পূরণ করে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় জমা দিতে পারবেন।
আবেদন ফরম বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এসএমই পোর্টাল এবং তফসিলি ব্যাংকগুলোর নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসএমইএসপিডি সার্কুলার নং-০৫-এর মাধ্যমে জারি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী উদ্যোগের প্রসারই এ কর্মসূচির মূল লক্ষ্য।
আগ্রহীরা বিস্তারিত জানতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট www.bb.org.bd এবং এসএমই পোর্টাল www.bb.org.bd/smespd_portal ভিজিট করতে পারবেন।
সূত্র: বাংলাদেশ ব্যাংক।


