নিজস্ব প্রতিবেদক:
ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ‘ডাক্তার কানেক্ট-২০২৬’ অনুষ্ঠিত
ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ‘ডাক্তার কানেক্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. শফিকুল ইসলাম মাসুদ চিকিৎসকদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে মানবসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, চিকিৎসাসেবা শুধু একটি পেশা নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং অসুস্থ মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই রোগীদের প্রতি আরও মানবিক, সহানুভূতিশীল ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বর্তমান ডেঙ্গু পরিস্থিতিতে চিকিৎসক সমাজের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের সংকটময় সময়ে চিকিৎসকদের নিরলস সেবা ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের যথাযথ চিকিৎসা প্রদান এবং তাদের প্রতি মানবিক আচরণের মাধ্যমে চিকিৎসকরা মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
ন্যাশনাল ডক্টরস ফোরাম কাকরাইল জোনের সভাপতি ডা. সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনটির কাকরাইল জোনের সেক্রেটারি ডা. আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মোহাম্মদ মারুফ শাহরিয়ার এবং সহ-সভাপতি ডা. হাফিজুর রহমান।
এ সময় বিভিন্ন বিভাগের অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ কাকরাইল জোনের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সম্পর্ক জোরদার এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে চিকিৎসাসেবা প্রদানের প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত হয়। মানবসেবায় চিকিৎসকদের ভূমিকা আরও কার্যকর ও দায়িত্বশীল করার বিষয়টিও অনুষ্ঠানে গুরুত্ব পায়।


