মোহাম্মদ হেফাজ উদ্দীন : নিউজ ডেস্ক
৪৬তম বাদশাহ আবদুল আজীজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে দেওয়া ইউভাল নোয়াহ হারারির লেখা ‘নেক্সাস’ বই ফেরত নিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইটি ফেরত নেন তিনি। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বইটি ফেরত নেওয়া হয়েছে।
‘নেক্সাস’ বইটি ইউভাল নোয়াহ হারারির ২০২৪ সালে প্রকাশিত একটি বই। এতে প্রস্তর যুগ থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ পর্যন্ত তথ্য, তথ্যের নেটওয়ার্ক, মানবসভ্যতা ও প্রযুক্তির প্রভাব নিয়ে আলোচনা করা হয়েছে।
বইটি হাফেজদের উপহার দেওয়ার পর হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামসহ কয়েকটি ধর্মভিত্তিক সংগঠন সমালোচনা ও আপত্তি জানায়। তাদের আপত্তির মূল কারণ ছিল হারারির ধর্ম, স্রষ্টা ও মানবসভ্যতা নিয়ে কিছু দৃষ্টিভঙ্গি, যা তারা ইসলামি বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করে।
বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী জানান, বিজয়ী হাফেজদের জন্য ঘোষিত আন্তর্জাতিক সফর, সহায়তাসহ অন্যান্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ সময় বিজয়ী হাফেজ ও তাঁদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


