ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || বিশেষ প্রতিবেদন
দক্ষিণ চট্টগ্রামের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন, বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব ও বরেণ্য ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইছহাক হুজুর (হাফি.) সম্প্রতি ঢাকায় জাতীয় সংসদ ভবন পরিদর্শন, শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গত ১৬ নভেম্বর ২০২৬ জাতীয় সংসদের বিশেষ আমন্ত্রণে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়ে তিনি সংসদ অধিবেশন পরিদর্শন করেন। এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাসহ বিভিন্ন সংসদ সদস্য তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং কুশল বিনিময় করেন। উল্লেখ্য, তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জহিরুল ইসলাম এমপির সম্মানিত পিতা।
এরপর মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদে আসর তিনি জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধা, ভারতীয় আধিপত্যবাদবিরোধী অন্যতম কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
কবর জিয়ারত শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে উপস্থিত হন। সেখানে ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগাসহ উপস্থিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে ডাকসুর ভিপি সাদিক কায়েম দক্ষিণ চট্টগ্রামে ইসলাম প্রচার ও প্রসারে আল্লামা ইসহাক হুজুরের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামে ইসলাম প্রসারে ইসহাক হুজুরের অনেক অবদান রয়েছে। এ সময় হুজুর উপস্থিত নেতৃবৃন্দের জন্য বিশেষ দোয়া করেন। সাক্ষাৎটি এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইছহাক হুজুর দীর্ঘদিন ধরে ইসলামের খেদমত, দ্বীনের প্রচার-প্রসার এবং ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর দীর্ঘ কর্মময় জীবন দক্ষিণ চট্টগ্রামসহ দেশের ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষভাবে সমাদৃত।
জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, শহীদ ওসমান হাদির কবর জিয়ারত এবং ডাকসু ভিপি ও ছাত্রনেতাদের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তাঁর এই ঢাকা সফর বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করেছে।
মহান আল্লাহ তাআলা আল্লামা ইসহাক হুজুরকে নেক হায়াত, সুস্বাস্থ্য ও দ্বীনের খেদমতে আরও বেশি অবদান রাখার তাওফিক দান করুন। আমিন।


