ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সলিমউল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল কবির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি নগরের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সলিমউল্লাহ বাচ্চুর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। ওই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সলিমউল্লাহ বাচ্চু কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।
২০১৫ সালের চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবার কাউন্সিলর নির্বাচিত হন বাচ্চু। পরবর্তী সময়ে ২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে একই ওয়ার্ড থেকে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার দেশের সব সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণ করার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। এর আগে একই বছরের ২২ অক্টোবর নগরের লাভলেইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
ওই সময় ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোতোয়ালি থানায় হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় অজ্ঞাতনামাসহ প্রায় ৪০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছিল।



