ডেস্ক রিপোর্ট || জলকদর নিউজ || জাতীয়, রাজনীতি
শারীরিক অসুস্থতার কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগের পর কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠকের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ ঘোষণা দেন।
স্পিকার জানান, ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত জানিয়ে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। ১৫ নভেম্বর স্পিকার পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
বাংলাদেশের সংবিধানের ৬৭ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী, স্পিকার পদত্যাগপত্র গ্রহণের তারিখ থেকে সংসদ সদস্যের আসন শূন্য হয়। সে অনুযায়ী, গত ১৫ নভেম্বর থেকে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।
এদিকে, শূন্য হওয়া আসনটিতে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
সূত্র: বাসস


