ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ নিশ্চিত করেছেন।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। অভিযোগের বিষয়ে তিনি নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন। একই ঘটনায় তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের ভূমিকা নিয়েও বিভিন্ন প্রতিবেদনে তথ্য উঠে আসে।
ঘটনাটি নিয়ে ৩০ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, এমপি মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।
এর পরদিন প্রধানমন্ত্রীর পদত্যাগের নির্দেশের কথা জানানো হয় এবং বৃহস্পতিবারই ফেরদৌসী আহমেদ মিষ্টি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত তদন্তও চলমান রয়েছে।



