কলিম উল্লাহ মিসবাহ,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে নদীপথে দেশের বাইরে সিমেন্ট পাচারের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি কার্গো ট্রাক, একটি পিকআপ ও ৩৪ ব্যাগ ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার মো. আলী (২৭) এবং পটিয়া থানার চাপড়ী এলাকার তফজল আলী সোহেল (৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাংলাদেশি সিমেন্ট ট্রাকে করে ঘটনাস্থলে এনে ইঞ্জিনচালিত বোটযোগে নদীপথে পাচারের প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে একটি কার্গো ট্রাক, একটি সিঙ্গেল কেবিন পিকআপ ও ৩৪ ব্যাগ ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মামলাটি ৩০ সেপ্টেম্বর বাঁশখালী থানায় ৪৩ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়।
বাঁশখালী থানার পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।


