ক্যাম্পাস প্রতিনিধি (চবি) : জলকদর নিউজ
“Rethinking Rule-Based Global Order: Middle and Small States in a Changing World” প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৩–১৪ সেপ্টেম্বর ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১ম RCASBC আন্তর্জাতিক সম্মেলন ২০২৬। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক, কূটনীতিক, নীতিনির্ধারক ও বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করবেন। সম্মেলনটি Hong Kong Research Center for Asian Studies–Bangladesh Center (RCASBC) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ-এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনকে ঘিরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের একাডেমিক মহলে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে। বিশ্বের ২৪টি দেশ থেকে মোট ৪৫৭টি গবেষণা-সারসংক্ষেপ (Abstract) জমা পড়েছে। এসব গবেষণা-সারসংক্ষেপে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের গবেষকদের অংশগ্রহণ প্রতিফলিত হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীন, জাপান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ আরও বেশ কয়েকটি দেশ। জমা পড়া গবেষণা-সারসংক্ষেপগুলোতে ৮০০-এর বেশি স্বতন্ত্র লেখক ও গবেষক এবং বিশ্বের ১২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, থিংক ট্যাংক ও অন্যান্য একাডেমিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব রয়েছে। গবেষণা-সারসংক্ষেপ পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়া শেষে সম্মেলনের ছয়টি বিষয়ভিত্তিক সেশনে প্রায় ২০০টি গবেষণাপত্র উপস্থাপিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

সম্মেলনের বিভিন্ন সেশনে দেশি ও বিদেশি গবেষকদের অংশগ্রহণ থাকবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, ভার্চুয়াল সেশনগুলোতে বিদেশ থেকে প্রায় ৪৫টি গবেষণাপত্র উপস্থাপিত হবে। একই সঙ্গে বিভিন্ন দেশ থেকে আগত গবেষক ও অংশগ্রহণকারীরা সরাসরি সম্মেলনের ভেন্যুতেও উপস্থিত থাকবেন। এই সম্মেলন শুধু একটি জাতীয় একাডেমিক আয়োজন নয়; বরং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষক, শিক্ষাবিদ, কূটনীতিক ও নীতিনির্ধারকদের মধ্যে জ্ঞান-বিনিময়, মতবিনিময় এবং একাডেমিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম এবং সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: এনায়েত উল্যা পাটওয়ারী।
সম্মেলনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাব আহ্বান জানানো হয়েছে।


