আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী দেবে দলটি।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সারজিস আলম বলেন, আগামী নভেম্বরের মধ্যে দেশের প্রায় ৫ হাজার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করার লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপি। একইসঙ্গে ডিসেম্বরের মধ্যে এসব ইউনিয়নে দলের আহ্বায়ক কমিটি গঠনের পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, ইতোমধ্যে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সারজিস আলম আরও বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ডে এনসিপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। এ সময় তিনি দেশের তরুণদের নতুন এই রাজনৈতিক ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, জাতীয় যুব শক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ এবং এনসিপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজাউদ্দিন।


