কলিম উল্লাহ মিসবাহ, বাঁশখালী প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, ফুল ও শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেন অধ্যক্ষ জহিরুল ইসলাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান, কালীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম, জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম মিনার, রঙ্গিয়াঘোনা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, জলদী হোসাইনিয়া কামিল স্নাতকোত্তর মাদরাসার অধ্যক্ষ আবু রাশেদ মোজাম্মেল, পুইছড়ি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসেন এবং মদিনাতুল উলুম ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ।
বিজ্ঞাপন

এ ছাড়া উপজেলার বিভিন্ন স্কুল ও মাদরাসার শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নয়, পুরো উপজেলার জন্য গর্বের। ভবিষ্যতে দেশ গঠনে মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তারা।


