-জি. মোস্তফা
আমাদের সমাজে পারিবারিক অশান্তি বা দাম্পত্য কলহের জেরে ঘটে যাওয়া সহিংসতাকে প্রায়ই এক কাতারে ফেলে ‘নারী নির্যাতন’ হিসেবে আখ্যা দেওয়া হয়। অথচ বাস্তবতা ও প্রেক্ষাপটের নিরিখে দেখলে স্পষ্ট বোঝা যায়, সাধারণ অর্থে নারী নির্যাতন আর পারিবারিক গণ্ডিতে স্বামীর হাতে স্ত্রী নির্যাতন এক বিষয় নয়। এই দুটি ভিন্ন ধারার সংকটকে এক করে দেখার প্রবণতা আমাদের সামাজিক ও পারিবারিক সমস্যার মূল শিকড়কে আড়াল করে দিচ্ছে।
ঘরের চার দেয়ালের ভেতরে যে সহিংসতা ঘটে, তার পেছনে থাকে মূলত স্বামী-স্ত্রীর পারস্পরিক দ্বন্দ্ব, প্রত্যাশার অমিল, অর্থনৈতিক টানাপোড়েন, পারিপার্শ্বিক চাপ কিংবা সংসারের ছোটখাটো বিষয় নিয়ে তৈরি হওয়া তিক্ততা। এটি একান্তই দাম্পত্য সম্পর্কের সংকট এবং নির্দিষ্ট কোনো স্বামীর ব্যক্তিগত অন্যায় বা চারিত্রিক স্খলনের ফসল। এখানে একজন স্বামী তার স্ত্রীকে নির্যাতন করছেন—এটি সরাসরি ‘স্ত্রী নির্যাতন’ বা দাম্পত্য সহিংসতা। কিন্তু প্রচলিত নারীবাদী ধারণায় এই ঘরোয়া ও ব্যক্তিগত বিবাদকে সামগ্রিকভাবে ‘নারী নির্যাতন’ বা ‘নারীর ওপর সহিংসতা’ হিসেবে চিহ্নিত করা হয়।
এই নামকরণের ফলে বড় ধরনের একটি তাত্ত্বিক ও ব্যবহারিক বিভ্রাট তৈরি হচ্ছে। স্বামী-স্ত্রীর মধ্যকার একটি একান্ত পারিবারিক দ্বন্দ্বকে যখন সামগ্রিক ‘নারী-পুরুষের দ্বন্দ্ব’ বা ‘লিঙ্গবৈষম্য’ হিসেবে দাঁড় করানো হয়, তখন মূল অপরাধী বা প্রকৃত অন্যায়কারী ব্যক্তির দায় অনেকটা আড়ালে চলে যায়। একজন ব্যক্তির সুনির্দিষ্ট অপরাধকে পুরো পুরুষ জাতির বা সমাজব্যবস্থার কাঠামোগত বৈষম্যের ওপর চাপিয়ে দেওয়ার কারণে আসল অপরাধীরা এক ধরনের অদৃশ্য দায়মুক্তি পেয়ে যায়।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, রোগের নাম ভুল হলে যেমন সঠিক চিকিৎসা সম্ভব নয়, তেমনি সমস্যার ভুল চিহ্নিতকরণের ফলে এর প্রকৃত সমাধানও হারিয়ে যাচ্ছে। দাম্পত্য কলহ বা স্ত্রী নির্যাতন রোধে প্রয়োজন পারিবারিক কাউন্সেলিং, পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং পরিবারগুলোর সচেতনতা। কিন্তু একে কেবল লিঙ্গবৈষম্য বা নারী-পুরুষের ক্ষমতার লড়াই হিসেবে দেখানোর ফলে সমাধানের পথগুলো হয়ে উঠছে একপেশে ও সংঘাতমুখর। এতে সংসার জোড়া লাগার বদলে ভাঙন ত্বরান্বিত হচ্ছে, বাড়ছে অবিশ্বাস।
সমাধানের পথে হাঁটতে হলে আমাদের আগে সমস্যার স্বরূপটি সঠিকভাবে নির্ণয় করতে হবে। কর্মক্ষেত্রে বা জনপরিসরে কোনো নারী হেনস্তার শিকার হলে তা নিঃসন্দেহে নারী নির্যাতন। কিন্তু সংসারের ভেতরে স্বামীর হাতে স্ত্রীর নিগ্রহকে ‘স্ত্রী নির্যাতন’ বা ‘দাম্পত্য সহিংসতা’ হিসেবেই চিহ্নিত করা উচিত। এতে করে যেমন অপরাধী স্বামীর ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করা সহজ হবে, তেমনি পারিবারিক সংকট নিরসনে বাস্তবসম্মত ও গঠনমূলক পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। তাত্ত্বিক বিতর্কের ঊর্ধ্বে উঠে পরিবার ও সমাজের স্থিতিশীলতার স্বার্থেই এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন আজ সময়ের দাবি।
লেখক : কলামিস্ট ও সাহিত্যিক



