কলিম উল্লাহ মিসবাহ, বাঁশখালী প্রতিনিধি
একসময় ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকত গণ্ডামারা ইউনিয়নের ঐতিহ্যবাহী সকাল বাজার। সপ্তাহের সাত দিনই ছিল জমজমাট বেচাকেনা। পুরো ইউনিয়নের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল বাজারটি। অথচ সময়ের ব্যবধানে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। ক্রেতা-বিক্রেতার কোলাহলের পরিবর্তে বাজারজুড়ে বিরাজ করছে সুনসান নীরবতা। হারিয়ে যাচ্ছে বাজারের আগের জৌলুশ।
স্থানীয়দের দাবি, ছোট্ট এই বাজার থেকে প্রতিবছর রাজস্ব বাবদ প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকা আদায় হলেও বাজারের অবকাঠামোগত উন্নয়নে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। অন্যদিকে ইজারা ও হাসিল আদায়ের চাপের কারণে ক্রেতাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নিম্ন আয়ের মানুষ।
বাজারের অবকাঠামোগত সমস্যাও দীর্ঘদিনের। ক্রেতা-বিক্রেতাদের জন্য নেই পর্যাপ্ত শৌচাগার সুবিধা। পানি নিষ্কাশনের জন্য নেই কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। ফলে বর্ষা মৌসুমে বাজারের বিভিন্ন স্থানে ময়লা পানি জমে থাকে। পাশাপাশি বাজারের অপরিচ্ছন্নতা নিয়েও রয়েছে স্থানীয়দের নানা অভিযোগ।
এদিকে বাজারটির ক্রেতা কমে যাওয়ার পেছনে নানা কারণ নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বিশেষ করে কাছাকাছি অবস্থিত কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীরা মাত্র এক কিলোমিটার দূরের সকাল বাজারে না এসে ৭ থেকে ৮ কিলোমিটার দূরের টাইম বাজারে কেনাকাটা করতে যাচ্ছেন, তা নিয়েও আলোচনা রয়েছে।
একসময়কার ঐতিহ্যবাহী ও জমজমাট এই বাজারটির এমন বেহাল দশার জন্য দায়ী কারা? প্রতিবছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও কেন বাজারের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার পাশাপাশি বাজারটির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করছেন স্থানীয়রা।



