কুমিল্লা প্রতিনিধি: জলকদর নিউজ
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমীর নির্বাচন ও কমিটি গঠনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের ব্যবহৃত গাড়ি ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর মোগলটুলি এলাকার গাংচর ফারুকী হাউসে অবস্থিত জামায়াতের মহানগর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্রে জানা গেছে, মহানগর জামায়াতের নতুন আমীর নির্বাচন ও নেতৃত্ব নির্ধারণ নিয়ে কয়েক দিন ধরে নেতাকর্মীদের মধ্যে মতবিরোধ চলছিল। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন আমীর হতে পারেন—এমন আলোচনা ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরে গড়ায় বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ঘটনার পর কুমিল্লা কোতোয়ালি মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানিয়েছেন, দলীয় পদ নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ জানিয়েছেন, দলীয় কার্যালয়ে পূর্বনির্ধারিত সভা চলাকালে কয়েকজন যুবক প্রবেশ করে হট্টগোল করেন। পরে তাঁরা চলে যাওয়ার সময় একটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।


