30 C
Dhaka
Tuesday, September 29, 2026

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চলবে, চাপ দিলে নাম প্রকাশের হুঁশিয়ারি এসপির

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় কিশোর গ্যাং নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। অভিযানে কেউ তদবির বা চাপ প্রয়োগের চেষ্টা করলে তার নাম প্রকাশ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ধরনের বিরতি দেওয়া হবে না। নিয়মিত গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের তৎপরতা রয়েছে, সেসব হটস্পট চিহ্নিত করে অভিযান চালানো হবে।

তিনি জানান, কুমিল্লার বিভিন্ন এলাকায় সক্রিয় কিশোর গ্যাংয়ের সদস্যদের তালিকা তৈরি করে গত ২৩ সেপ্টেম্বর জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালানো হয়। ওই অভিযানে ৬২৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪৫১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং ১৭৩ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এরপর ২৬ সেপ্টেম্বরের অভিযানে ২৫৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ১৪৬ জন কিশোরকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয় এবং ১০৮ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়। পরদিনের অভিযানেও ৪৭৮ জনকে আটক করার তথ্য জানিয়েছেন পুলিশ সুপার।

পুলিশ সুপার আরও বলেন, কিশোর গ্যাংয়ের সদস্যদের কেউ অস্ত্র নিয়ে মহড়া দিলে তাদের গ্রেপ্তার করে মামলা দিয়ে আদালতে পাঠানো হচ্ছে। পাশাপাশি গ্যাংয়ের সঙ্গে কোনো ‘বড় ভাই’, অভিভাবক বা প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সাম্প্রতিক অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে আড্ডা দেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles