নিউজ ডেস্ক (আন্তর্জাতিক)
রাশিয়া থেকে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি বহনকারী একটি কার্গো বিমানের নির্ধারিত ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় স্থগিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল।
বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রাশিয়া থেকে আসা বিমানটির নির্ধারিত রুটে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ইউরেনিয়াম নির্ধারিত সময়ে দেশে আসেনি। তবে পাকিস্তান কেন অনুমতি দেয়নি, তার সুনির্দিষ্ট কারণ বাংলাদেশকে জানানো হয়নি।
প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, রাশিয়া থেকে ইউরেনিয়াম পরিবহনের রুটে কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রয়োজন হয়। ২৩ সেপ্টেম্বর রাতে রোসাটম থেকে জানানো হয়, প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় পরদিনের ফ্লাইটটি পরিচালনা করা সম্ভব হচ্ছে না।
এদিকে পাকিস্তান বিষয়টিকে কারিগরি ও প্রক্রিয়াগত সমন্বয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করেছে। পাকিস্তান হাইকমিশন জানিয়েছে, ওভারফ্লাইট অনুমোদনের আবেদনগুলো তাদের প্রচলিত বিধি ও বেসামরিক বিমান চলাচল প্রোটোকল অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয়।
তবে এ ঘটনায় রূপপুর প্রকল্পের জ্বালানি সরবরাহ স্থায়ীভাবে বাধাগ্রস্ত হচ্ছে না বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। নতুন সূচি অনুযায়ী অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কয়েকটি ফ্লাইটে ইউরেনিয়াম জ্বালানি বাংলাদেশে আনা হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের মোট উৎপাদন ক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট। প্রথম ইউনিটের জ্বালানি ২০২৩ সালে বাংলাদেশে পৌঁছেছিল।


