33 C
Dhaka
Monday, September 21, 2026

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ

ক্যাম্পাস (চবি) প্রতিনিধি :

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

আজ সোমবার সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা করার নির্দেশ দেওয়া হলো।

সম্প্রতি সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে এসব দাম কার্যকর হয়েছে।

নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে।

দাম বৃদ্ধির পর এর প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই পোস্টকে কেন্দ্র করে সংগঠনের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছে।

এর আগে, জ্বালানি তেলের দাম বাড়ার খবর পেয়ে সাজ্জাদ হোসেন ফেসবুকে লিখেছিলেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

নোটিশের বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, ‘আমি সংগঠনের প্রতি অনুগত। যেহেতু আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, তাই নির্ধারিত সময়ের মধ্যেই আমি আমার ব্যাখ্যা জমা দেব।’

তিনি আরও যোগ করেন, ‘পোস্টের কমেন্ট সেকশনে আমি উল্লেখ করেছিলাম যে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্বিগুণ হয়েছে, যার ফলে দেশে ২২ হাজার কোটি টাকার লোকসান হয়েছে।’

এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি ও আমদানি ব্যয় বাড়ার কারণে দেশের বাজারে দাম বাড়ানোর কথা জানিয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles