মৌলভীবাজার (শ্রীমঙ্গল) প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের খাটের নিচ থেকে ১৬ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ইছবপুর এলাকার একটি বাড়িতে এই রোমাঞ্চকর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়ির লোকজন ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় খাটের নিচে অস্বাভাবিক শব্দ শুনতে পান। টর্চলাইটের আলোতে বিশাল সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। তাৎক্ষণিকভাবে খবর দেওয়া হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাটের নিচ থেকে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।
উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ২৬ কেজি। শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে স্বপন দেব সজল জানান, সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল ইসলাম জানান, বিশাল এই অজগরটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে সেটিকে দ্রুত সময়ের মধ্যে গভীর বনে অবমুক্ত করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।


