32 C
Dhaka
Saturday, September 19, 2026

নিখোঁজ কুবি শিক্ষিকার একমাত্র ছেলে অপ্রতিমের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ জলকদর নিউজ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের পাশের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ির বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি। দীর্ঘ সময় সন্ধান না পেয়ে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের সন্ধান চেয়ে সহযোগিতা চান মা ড. নাহিদা বেগম।

শনিবার দুপুরে কোটবাড়ির ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় তদন্তের স্বার্থে তুহিন (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। তবে তার বিরুদ্ধে অভিযোগ বা ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি তদন্তাধীন।

অপ্রতিমের আকস্মিক মৃত্যুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে বলে জানা যায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles