নিউজ ডেস্ক : জলকদর নিউজ
সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কারজয়ী বাংলাদেশের চার হাফেজের সঙ্গে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সাক্ষাৎ ও সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বিজয়ী হাফেজদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের সন্তানরা মেধা ও যোগ্যতার মাধ্যমে ভালো কোনো অর্জন করলে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে সরকার। তিনি আরও বলেন, মেধাবীদের উৎসাহ ও যথাযথ মূল্যায়ন করা হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম ও দেশ পাবে।
যেসব হাফেজ পুরস্কার পেয়েছেন, সৌদি আরবের এবারের প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগী অংশ নেন। বাংলাদেশের চারজন হাফেজ বিভিন্ন বিভাগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন—
মুহাম্মদ জাকারিয়া-১৫ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে প্রথম স্থান।
শেখ মুহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী-৩০ পারা হিফজ, তাজবীদ ও সুন্দর তিলাওয়াত বিভাগে তৃতীয় স্থান।
রাবেতা বিনতে রমজান-১৫ পারা বিভাগে তৃতীয় স্থান।
মুসফিরা বিনতে মাহমুদ- ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান।

অনুষ্ঠানে হাফেজদের শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাসও দেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিজয়ীদের বই উপহার দেন এবং প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার সময় তাঁরা যে সূরার আয়াত তিলাওয়াত করেছিলেন, সেটিও তাঁদের কণ্ঠে শোনেন। অনুষ্ঠানে ধর্মমন্ত্রী, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


