নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী (চট্টগ্রাম)
বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় কর্মী ও যুবলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মুন্সিগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হালিয়াপাড়া এলাকার জাকের আহমদের ছেলে মোহাম্মদ বোরহান উদ্দিন (৩০) এবং একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডিগ্রিপাড়া এলাকার মৃত সিরাজুল হক চৌধুরীর ছেলে তাকিব বিন সিরাজ ওরফে জজ (৪০)।
বাঁশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে বাঁশখালী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মশাল মিছিল, পতাকা মিছিল আয়োজন, সড়কে যানবাহন ভাঙচুরসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব ঘটনায় জড়িতদের গ্রেফতারে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত বোরহান উদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা রয়েছে।
বাঁশখালী থানা পুলিশ আরও জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্র: বাঁশখালী থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি, ১০ নভেম্বর ২০২৬।


