একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, একাডেমিক উৎকর্ষ সাধন এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে কার্যকর দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।
‘Unlocking Academic Potential’ শীর্ষক এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় সফলতার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে মহানগর সেক্রেটারি খুররম মুরাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মেডিকেল কলেজ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষার্থী এবং প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা, কার্যকর অধ্যয়ন কৌশল, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস তৈরি, সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং বিষয়ভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জনের কৌশল এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা নিয়েও শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা মনে করেন, এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও সম্ভাবনা বিকাশের পাশাপাশি উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফলতার পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।


