নিজস্ব প্রতিবেদক | জলকদর নিউজ
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
ইশরাক হোসাইন বলেন, তিনি স্বেচ্ছায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন। এখন থেকে ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান তিনি।
এর আগে, রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র হাতে ইশরাকের অংশগ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন বলে জানা যায়।
পদত্যাগের পরও মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক হোসাইন। তিনি জানান, প্রতিমন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদক নির্মূলে আরও সক্রিয় ভূমিকা রাখতে চান।


