কলিম উল্লাহ মিজবাহ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মিন্টু দে ওরফে কালু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম সহদেব পাড়ায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানা-পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের (বিপিএম) নির্দেশনায় এবং বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) উক্যসিং মার্মা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় মিন্টু দে ওরফে কালুর বসতবাড়ি থেকে ১২ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মিন্টু দে বাণীগ্রাম সহদেব পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত বিন্দু দে এবং মায়ের নাম শেফালী দে।
এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।



