ডেস্ক রিপোর্ট : জলকদর নিউজ
বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর রাজনৈতিক ক্ষোভ থেকেই সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আখতারুজ্জামানের গ্রেপ্তার, মামলা ও রিমান্ডের প্রতিবাদে ঢাকা মহানগরী জামায়াত এ কর্মসূচির আয়োজন করে।
গোলাম পরওয়ার বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, অব্যবস্থাপনা, দুর্নীতি ও অদক্ষতা নিয়ে আখতারুজ্জামান কথা বলতে পারেন। দায়িত্বশীল কর্মকর্তাদের সমালোচনা বা তাদের জবাবদিহির আওতায় আনার দাবিও জানাতে পারেন। তবে বিমানবন্দরের ঘটনাকে কেন্দ্র করে তাকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার মাধ্যমে সরকার রাজনৈতিক প্রতিহিংসা প্রকাশ করেছে বলে তিনি দাবি করেন।
তিনি আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রিমান্ডের আদেশ বাতিল করে দ্রুত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আখতারুজ্জামান সাহসিকতার পরিচয় দিয়েছেন।
সমাবেশে জামায়াত-শিবিরকে ‘গুপ্ত’ সংগঠন হিসেবে আখ্যা দেওয়ার সমালোচনা করেন গোলাম পরওয়ার। তিনি বিএনপির অতীতের আন্দোলন-সংগ্রাম নিয়েও মন্তব্য করেন এবং দাবি করেন, বিভিন্ন সময়ে রাজপথের কর্মসূচিতে জামায়াত-শিবির সক্রিয় ভূমিকা পালন করেছে।
এ সময় আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন যোগাযোগের অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। বরং সরকারের সঙ্গে আওয়ামী লীগের যোগাযোগ ও সখ্যতার অভিযোগ তুলে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে সরকার উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি ড. রেজাউল করিম।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াছিন আরাফাতসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় ও প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবনে গিয়ে শেষ হয়।


