34 C
Dhaka
Monday, September 28, 2026

বাঁশখালীতে ৪০ বছরের পুরোনো মার্কেট দখলের অভিযোগ, সাড়ে ৬ লাখ টাকা লুটের দাবি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে প্রায় ৪০ বছরের পুরোনো দুইতলা ভবনের ৮টি দোকান, একটি বোর্ডিং ও একটি অফিস কক্ষ দখল এবং সাড়ে ৬ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে বাঁশখালী থানায় এজাহার দেওয়া হয়েছে।

মিজানুর রহমান ওরফে কাজল নামে এক ব্যক্তি এজাহারটি দায়ের করেন। তিনি নিজেকে ওই সম্পত্তির মালিক বীর মুক্তিযোদ্ধা ও পুঁইছুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরীর কেয়ারটেকার হিসেবে উল্লেখ করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরীর ছোট ভাই এবং পুঁইছুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সুলতানুল গণি চৌধুরী ৮ শতক বা ৪ গণ্ডা জায়গা কিনে ১৯৮৯ সালে সেখানে দুইতলা একটি মার্কেট নির্মাণ করেন। পরে মার্কেটের বিভিন্ন দোকান ও কক্ষ ভাড়া দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, শুক্রবার গভীর রাতে একদল বহিরাগত লোকজন নিয়ে এসে মার্কেটের সামনের অংশে পাকা পিলার স্থাপন ও টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়। পরে সেখানে মরহুম বশির আহমদ গংয়ের ওয়ারিশদের নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ সময় মার্কেটের ৮টি দোকান, একটি বোর্ডিং ও একটি অফিস কক্ষ দখলে নেওয়ার পাশাপাশি সেখানে থাকা প্রায় সাড়ে ৬ লাখ টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।

ঘটনার পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে বাঁশখালী থানায় লিখিত এজাহার দেওয়া হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও সম্পত্তির মালিকানা-সংক্রান্ত বিষয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles