প্রকাশ ১৫ আগস্ট ২০২৬

বায়তুশ শরফের গুণিজন সংবর্ধনা ‘বায়তুশ শরফ স্বর্ণপদক ২০২৬’ পাচ্ছেন ৪ বিশিষ্ট ব্যক্তি
ইসলামি শিক্ষা, গবেষণা ও সমাজসেবার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান ‘বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ট্রাষ্ট বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত এবারের গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে ৪ জন বিশিষ্ট ব্যক্তিকে “বায়তুশ শরফ স্বর্ণপদক-২০২৬” প্রদান করা হবে।

সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বায়তুশ শরফের পীর সাহেব কেবলা, ট্রাষ্টের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আবদুল হাই নদভী।
“বায়তুশ শরফ স্বর্ণপদক-২০২৬” যারা পাচ্ছেন
১. আল্লামা ড. আ.ফ.ম খালিদ হোসেন, মাননীয় সাবেক উপদেষ্টা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, অন্তর্বর্তীকালীন সরকার।
প্রখ্যাত ইসলামিক স্কলার। কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষার সেবা এবং জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ইসলামী আদর্শ ও সংস্কৃতির ব্যাপক প্রচার ও প্রসারে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হবে।

২. ডা. শাহাদাত হোসেন, মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। একজন কর্তব্যপরায়ণ চিকিৎসক। সততার মাধ্যমে আর্ত-মানবতার সেবা, সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সহায়তা এবং সকল শ্রেণির রোগীর কল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি

৩. ড. নিয়াজ আহমদ খান, প্রফেসর গ্রেড-১, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রখ্যাত শিক্ষাবিদ ও গবেষক, অসংখ্য দেশপ্রেমিক নাগরিক তৈরির পাশাপাশি শিক্ষা, গবেষণা, গ্রামীণ উন্নয়ন, স্থানীয় সরকার, পরিবেশ ব্যবস্থাপনা ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য তাকে এই সংবর্ধনা দেওয়া হবে।

*৪. সালাহউদ্দিন মুহাম্মদ বাবর -সম্পাদক, দৈনিক নয়া দিগন্ত। বরেণ্য সাংবাদিক, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধর্মীয় মূল্যবোধ ও সুস্থধারার সাহিত্য-সংস্কৃতির প্রচার-প্রসার এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে “বায়তুশ শরফ মেডেল” প্রদান করা হবে।

বায়তুশ শরফ কর্তৃপক্ষ জানায়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই গুণিজন সংবর্ধনা ও স্বর্ণপদক প্রদান করা হয়। এবারের আয়োজনেও দেশের বিশিষ্ট ওলামা, শিক্ষাবিদ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত থাকবেন।


