চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীর শেখেরখীলের আলোচিত ফাতেমার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা, তার নিষ্পাপ শিশুর নিরাপদ ভবিষ্যৎ রক্ষা এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানে চট্টগ্রাম প্রেসক্লাবে নাগরিক সংবাদ সম্মেলনের আয়োজন করে মায়া সংঘ।
গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ফাতেমার ঘটনায় নিরপেক্ষ তদন্ত, স্বচ্ছ বিচারপ্রক্রিয়া এবং আইনের যথাযথ প্রয়োগের দাবি তুলে ধরা হয়। আয়োজকদের বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল—প্রধান আসামির গ্রেপ্তার গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দায়িত্ব শেষ হয়ে যায় না।
বক্তব্যে ফাতেমার রেখে যাওয়া শিশুটির ভবিষ্যৎ নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। শিশুটির নিরাপত্তা, যথাযথ পরিচর্যা, মর্যাদা ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ব্যক্তিদের নিরাপত্তা এবং হামলার অভিযোগের নিরপেক্ষ তদন্তের বিষয়টিও গুরুত্ব পায়। একই সঙ্গে অভিযোগ গ্রহণে বাধার যে অভিযোগ তোলা হয়েছে, তার যথাযথ তদন্ত ও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মায়া সংঘের পক্ষ থেকে বলা হয়, এ আন্দোলন কোনো ব্যক্তির প্রতি প্রতিহিংসা বা বিদ্বেষের আন্দোলন নয়; বরং সত্য উদ্ঘাটন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সমাজের বিবেককে জাগ্রত করার প্রচেষ্টা। কোনো ধরনের বেআইনি প্রভাব যেন তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,
মায়া সংঘের প্রধান সমন্বয়ক- মুহাম্মদ গিয়াসউদ্দিন আকবর চৌধুরী, মায়া সংঘের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুস ছবুর সাহেব, কাশফুল লিগ্যাল এইড সার্ভিস এর চট্টগ্রাম মহানগর এর সভাপতি জনাব মোহাম্মদ জাহাংগীর আলম সাহেব, কাশফুল লিগ্যাল এইড এর প্যারা লিগ্যাল মহানগর নেত্রী – নাদিয়া ইসলাম তামান্না, কাশফুল লিগ্যাল এইড এর চট্টগ্রাম ডবলমুরিং থানার সভাপতি, জনাব, হাবিবুর রহমান সাহেব।
এছাড়াও সংবাদ সম্মেলনে জনপ্রতিনিধি, প্রশাসন ও মানবাধিকারকর্মীরা উপস্থিত ছিলেন।


