26 C
Dhaka
Saturday, October 10, 2026

কামিল পরীক্ষার ফরম পূরণের বর্ধিত ফি প্রত্যাহারের দাবি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর

মোহাম্মদ হেফাজ উদ্দীন, নিউজ ডেস্ক

কামিল ১ম বর্ষে ফি বেড়েছে ৯৫৫ টাকা, ২য় বর্ষে ৯১০ টাকা

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল পরীক্ষা-২০২৫-এর ফরম পূরণ ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের যৌক্তিক ফি বহাল রাখার দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

কামিল পরীক্ষা-২০২৪-এর তুলনায় ২০২৫ সালের পরীক্ষার ফরম পূরণ ফি এক ধাপে প্রায় এক হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হবে এবং অনেক শিক্ষার্থীর পরীক্ষার ফরম পূরণ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কামিল ১ম বর্ষের ফরম পূরণ ফি ২ হাজার ৮৪৫ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৮০০ টাকা করা হয়েছে। এতে ফি বেড়েছে ৯৫৫ টাকা। অন্যদিকে, কামিল ২য় বর্ষের ফরম পূরণ ফি ৩ হাজার ২৬৫ টাকা থেকে বাড়িয়ে ৪ হাজার ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ফি বেড়েছে ৯১০ টাকা।

এমন পরিস্থিতিতে বর্ধিত ফি শিক্ষার্থীদের জন্য বাড়তি আর্থিক বোঝা হয়ে দাঁড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এই অতিরিক্ত ফি পরিশোধ করা কঠিন হয়ে পড়তে পারে।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, বিষয়টি ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়ে ফরম পূরণ ফি বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

তিনি শিক্ষার্থীদের স্বার্থে কামিল পরীক্ষা-২০২৫-এর ফরম পূরণ ফি বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের যৌক্তিক ফি বহাল রাখার জোর দাবি জানান।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি এবং এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles