আন্তর্জাতিক ডেস্ক, জলকদর নিউজ :
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে গিয়ে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউ এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। এ সময় তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও পাঁচ নেতা ছিলেন। তাঁদের মধ্যে রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন ও দোলা সেন রয়েছেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভের আয়োজন করা হয়। ‘ককরোচ জনতা পার্টি’র (CJP) ডাকে এই কর্মসূচি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করে পুলিশ।
মমতা বন্দ্যোপাধ্যায় সাউথ অ্যাভিনিউয়ের একটি বাসস্ট্যান্ডের কাছে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় তাঁর মুখে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যান্ডেজ লাগানো ছিল। পরে পুলিশ তাঁকে ও তাঁর সঙ্গে থাকা নেতাদের আটক করে।
এ ঘটনায় দিল্লিতে আরও কয়েকজন বিরোধী নেতা ও আন্দোলনকারীকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও রয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় আটক হওয়ার পর এক ভিডিও বার্তায় বলেন, সরকার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করছে। একই সঙ্গে তিনি জানান, জনগণের অধিকার ও কণ্ঠস্বর প্রতিষ্ঠায় বিরোধী জোটের আন্দোলন অব্যাহত থাকবে।
সুত্র: রয়টার্স।


