নিউজ ডেস্ক
বাজারে সরকার নির্ধারিত দামের তুলনায় অনেক বেশি দামে বিক্রি হচ্ছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। সেপ্টেম্বর মাসে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করলেও বিভিন্ন এলাকায় তা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
ফলে নির্ধারিত দামের চেয়ে একটি ১২ কেজির সিলিন্ডারে ভোক্তাকে প্রায় ৪০০ থেকে ৬১৫ টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। কোথাও কোথাও বাড়তি দাম দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে।
বিক্রেতাদের দাবি, বাজারে এলপিজির সরবরাহ কম থাকায় তাদের বেশি দামে সিলিন্ডার কিনতে হচ্ছে। অন্যদিকে সংশ্লিষ্টরা সরবরাহ ঘাটতি ও বাজার ব্যবস্থাপনার বিষয়টি সামনে আনছেন।
বিইআরসির নির্ধারিত দাম অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজির মূল্য ১,৫৮৫ টাকা। কিন্তু বাস্তব বাজারে এর দাম ২,২০০ টাকা পর্যন্ত পৌঁছানোয় রান্নার গ্যাস নিয়ে বাড়তি ব্যয়ের চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা।


